সুন্দর ভোট মানে গ্রহণযোগ্য ভোট: ইসি কমিশনার


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০২-০৭, ৪:০১ PM / ১৫
সুন্দর ভোট মানে গ্রহণযোগ্য ভোট: ইসি কমিশনার

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:-

রংপুরের পীরগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, ভোটের বার্তা একটাই—ভোট করা এবং সুন্দর ভোট করা। তিনি বলেন, সুন্দর ভোট বলতে বোঝায় এমন নির্বাচন, যা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমি কেন অসৎ কাজ করবো? কেউ যদি করতেও বলে, আমি কেন করবো? আমাকে বলতে হবে আমি সততার পরিচয় দিয়েছি, দক্ষতার পরিচয় দিয়েছি এবং আইনের কাঠামো অনুযায়ী কাজ করেছি।”

তিনি আরও বলেন, ন্যায় বিচার শব্দটির অর্থ শুধু আদালতের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং সমাজের প্রতিটি স্তরে ন্যায়বিচার নিশ্চিত করা প্রয়োজন। ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সোশ্যাল মিডিয়াসহ নানা মাধ্যমে বিভ্রান্তিকর বার্তা বা গুজব আসতে পারে। তবে কর্মকর্তাদের বার্তা একটাই হওয়া উচিত—সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজন।

নির্বাচন কমিশনার ভোট জালিয়াতি প্রসঙ্গে বলেন, কেউ যদি গোপনে ব্যালট বাক্সে অতিরিক্ত ব্যালট ঢুকিয়ে দেয়, তাহলে গণনার সময় কর্মকর্তাদের তা শনাক্ত করতে হবে। কারণ ব্যালটে গোপন সিল ও স্বাক্ষরের মিল না থাকলে তা বুঝা সম্ভব। তিনি সতর্ক করে বলেন, যদি কেউ আগে থেকেই জাল ব্যালটে স্বাক্ষর করে রাখে, তাহলে সে ন্যায় বিচার নিশ্চিত করতে পারবে না।

তিনি বলেন, সারা দেশে প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্র রয়েছে। মাত্র ৫ জন নির্বাচন কমিশনারের পক্ষে একা সব কেন্দ্র পরিচালনা করা সম্ভব নয়। তাই প্রিজাইডিং অফিসারদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, পুলিশ সুপার মারুফাত হোসেন এবং জেলা নির্বাচন অফিসার আব্দুর রহিম।

এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন, অফিসার ইনচার্জ সোহেল রানা এবং উপজেলার ১১৩টি ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন।