
আবুল কাশেম রুমন, সিলেট :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগজুড়ে নারী ভোটারদের গুরুত্ব এবার আগের যেকোনো সময়ের তুলনায় বেড়েছে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, প্রার্থীদের প্রচারণায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছেন নারী ভোটাররা। সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটি এলাকায় প্রার্থীদের কর্মী-সমর্থকরা ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। তবে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারদের কাছে টানতেই বেশি জোর দিচ্ছেন তারা।
বিশেষ করে মহল্লা ও পাড়া-মহল্লায় ভোট চাইতে গিয়ে দেখা যাচ্ছে, প্রার্থীদের পক্ষ থেকে নারী নেতৃত্বের প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। নারীদের মাধ্যমে নারীদের কাছে ভোটের আহ্বান পৌঁছে দিতে চাচ্ছেন প্রার্থীরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে নারী ভোটারদের উপস্থিতি এবং ভোটদানের হার ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।
রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, আওয়ামী লীগসহ তাদের শরিক দল এবারের নির্বাচনে অংশগ্রহণ করতে না পারায় পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি বেশি হতে পারে। ফলে ভোটের মাঠে নারী ভোটারদের সমর্থন প্রার্থীদের জন্য এক ধরনের ‘চূড়ান্ত টনিক’ হিসেবে কাজ করবে।
সিলেট জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সিলেট বিভাগের ছয়টি আসনে মোট ভোটার সংখ্যা ২৯ লাখ ১৬ হাজার ৫৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১৪ লাখ ৯৮ হাজার ৯৫৩ জন এবং নারী ভোটার রয়েছেন ১৪ লাখ ১৭ হাজার ৬১০ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৬ জন। মোট ভোটারের মধ্যে নারী ভোটারের হার প্রায় ৪৮ দশমিক ৫ শতাংশ।
আসনভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি নারী ভোটার রয়েছেন সিলেট-১ আসনে এবং সবচেয়ে কম নারী ভোটার রয়েছেন সিলেট-২ আসনে। সিলেট-১ আসনে মোট ভোটার ৬ লাখ ৮০ হাজার ৯৪৩ জনের মধ্যে নারী ভোটার ৩ লাখ ২৭ হাজার ৭৪৭ জন। অন্যদিকে সিলেট-২ আসনে ৩ লাখ ৬৮ হাজার ৯০০ ভোটারের মধ্যে নারী ভোটার ১ লাখ ৮০ হাজার ২৪০ জন।
এ অবস্থায় নির্বাচনী মাঠে প্রার্থীদের লক্ষ্য এখন একটাই—নারী ভোট শতভাগ নিশ্চিত করা