
এম ফাহিম, চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি
চরফ্যাসন (ভোলা) রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চরফ্যাসন সরকারি কলেজ মাঠে প্লে-গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মিলনমেলায় পরিণত হয় পুরো অনুষ্ঠানস্থল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাসন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল ইব্রাহিম খলিল সবুজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাসন সরকারি কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক আলাউদ্দিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মিজানুর রহমান, পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য অ্যাডভোকেট মহিবুল্লাহ, মোহাম্মদ ফারুকসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এ সময় প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতায় মার্বেল কুড়ানো, বল নিক্ষেপ, পাখি উড়ানো, ভিতরে-বাহিরে, মোরগ লড়াই, দৌড় প্রতিযোগিতা, চামচ দৌড়, বালিশ খেলা, দীর্ঘ লাফ, উচ্চ লাফ ও স্মৃতি পরীক্ষাসহ বিভিন্ন ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ছিল ‘যেমন খুশি তেমন সাজো’, যা দর্শক ও অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ সৃষ্টি করে। সুস্থ, সুন্দর ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও শৃঙ্খলা বৃদ্ধি করে।