

জাকির হোসেন, শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল থেকে বিপুল পরিমাণ চেতনানাশক ও নেশাজাতীয় ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ এক ভারতীয় ট্রাক চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক চালকের নাম আনারগাজী (৩৯)।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটের দিকে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করা একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এই মাদকের চালান জব্দ করা হয়। বিজিবির একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বলে জানা গেছে।
বিজিবি সূত্র জানায়, ভারতীয় ‘ডাব্লিউ বি ১১-ডি-০৩৯৭’ নম্বরের একটি ট্রাক সন্দেহজনক হওয়ায় সেটি তল্লাশি করা হয়। তল্লাশি চালিয়ে ট্রাকের ভেতরে সুকৌশলে লুকিয়ে রাখা ১ হাজার ৬০০ পিস ভারতীয় ট্যাপেনটাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন আমদানিকৃত পণ্যের আড়ালে দুই দেশের চোরাকারবারিরা মাদকসহ বিভিন্ন অবৈধ পণ্য পাচার করে আসছে। তারা মনে করছেন, এসব পাচারের পেছনে বন্দর সংশ্লিষ্ট কিছু অসাধু ব্যক্তির যোগসাজশ থাকতে পারে। স্থানীয়রা আরও দাবি করেন, বেনাপোল বন্দর একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর হওয়ায় এখানে নজরদারি বাড়ানো না হলে মাদক পাচার রোধ করা কঠিন হবে।
এদিকে বিজিবি নিশ্চিত করেছে, আটক চালককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
বন্দর এলাকায় বিজিবির এই অভিযানকে স্থানীয়রা ইতিবাচক হিসেবে দেখছেন। তারা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে আরও কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনা করা হলে সীমান্তপথে মাদক পাচার অনেকাংশে কমে আসবে।
আপনার মতামত লিখুন :