

নবীন মাহমুদ | ঝালকাঠি–
ঝালকাঠিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে দলটির আমির ডা. শফিকুর রহমান ভোটকেন্দ্র দখলের যেকোনো চেষ্টা শক্ত হাতে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কেউ যদি শক্তি প্রয়োগ করে ভোটকেন্দ্র দখল করতে আসে, তাহলে জনগণকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। একইসঙ্গে তিনি দাবি করেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে।
গত (৬ ফেব্রুয়ারি) শুক্রবার দুপুরে ঝালকাঠি জেলা শহরের বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শফিকুর রহমান। বক্তব্যে তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে জনগণের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নির্বাচনকে ঘিরে কোনো ধরনের অনিয়ম, সহিংসতা বা জোরপূর্বক দখলদারিত্ব বরদাশত করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।
জনসভায় জামায়াত আমির বলেন, তারা এমন বাংলাদেশ চান না যেখানে মা-বোনদের নিরাপত্তা নিশ্চিত নয়। তিনি আরও বলেন, তাদের লক্ষ্য এমন একটি রাষ্ট্র গঠন করা যেখানে নারীরা ঘরে-বাইরে, কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদে চলাফেরা করতে পারবেন। নারীদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
এ সময় ডা. শফিকুর রহমান আরও বলেন, কেউ যদি তাদের বিরুদ্ধে মামলা করতে চায় তাহলে যেন তার নামেই মামলা করা হয়। তার এই মন্তব্য জনসভায় উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
জনসভা শেষে ব্যতিক্রমী একটি দৃশ্য দেখা যায় মঞ্চে। শীতল পাটি উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে ডা. শফিকুর রহমান মঞ্চে শীতল পাটি বিছিয়ে তাতে শুয়ে বিশ্রাম নেন। এ সময় উপহার দেওয়া দুইজন সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিকে তিনি জড়িয়ে ধরে কুশল বিনিময় করেন। এই দৃশ্য উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবং জনসভায় এক বিশেষ আবেগঘন মুহূর্ত তৈরি হয়।
জনসভায় জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সভাকে ঘিরে মাঠ ও আশপাশের এলাকায় ব্যাপক জনসমাগম দেখা যায়।
আপনার মতামত লিখুন :