

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলার চরফ্যাসনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা দলীয় বিভেদ ভুলে ভোটের মাঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। কে কার কর্মী, অতীতে কার সঙ্গে রাজনীতি করেছে—এসব বিষয় বাদ দিয়ে সবাইকে একত্রিত হয়ে নির্বাচনী লড়াইয়ে নামার নির্দেশনা দেওয়া হয়।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় চরফ্যাসন ব্রজগোপাল টাউন হলে চরফ্যাসন উপজেলা ও পৌর শাখার আয়োজনে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, “আমরা সবাই শহীদ জিয়ার আদর্শের সৈনিক, আমরা তারেক রহমানের কর্মী, বিএনপির মানুষ। আমাদের প্রতীক ধানের শীষ।” বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ (চরফ্যাসন-মনপুরা) আসনের দলীয় প্রার্থী কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নকে বিপুল ভোটে জয়ী করতে কৃষক দল, কৃষক সমাজ ও বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের মাঠে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরও বলা হয়, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের দায়িত্ব আরও বেড়েছে। এজন্য গ্রাম-গঞ্জে কৃষক সমাজকে সংগঠিত করে জনমত গঠনের আহ্বান জানান বক্তারা। দলীয় প্রার্থীকে বিজয়ী করতে কৃষক দলকে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে মাঠে নামতে হবে বলে মত দেন তারা।
চরফ্যাসন উপজেলা কৃষক দলের সভাপতি ইমদাদুল ইসলাম (রনি মিন্টজ) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা কৃষক দলের সভাপতি আবদুর রহমান সেন্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল হাসনাত তছলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য বশির আহাম্মদ হাওলাদার, জেলা সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান এবং সহ-সভাপতি মো. জামাল উদ্দিন।
এছাড়াও উপজেলা, পৌরসভা ও দুলারহাট, শশীভূষণ এবং দক্ষিণ আইচা থানা কৃষক দলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অসংখ্য নেতা-কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন। সমাবেশে উপস্থিত নেতারা বলেন, আগামী নির্বাচন হবে বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই নির্বাচনে জয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আপনার মতামত লিখুন :