
নয়ন কুমার দাস, তানোর (রাজশাহী) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনকে ঘিরে গোদাগাড়ী ও তানোর উপজেলার প্রশাসন নির্বাচনী কার্যক্রম নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। এ আসনে মোট ১৫৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাজশাহী-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ৭৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৪ হাজার ৭৮ জন, নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ৬৯৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন। ভোটারদের নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
এরই অংশ হিসেবে তানোর উপজেলায় মোট ৬১টি ভোটকেন্দ্রে নির্বাচনী সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে তানোর উপজেলা পরিষদ হলরুমে প্রিসাইডিং অফিসারদের মাঝে ব্যালট বক্স, ব্যালট পেপার, সিল, স্ট্যাম্পসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী হস্তান্তর করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ দায়িত্বে সামগ্রী বুঝে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন।
নির্বাচনী সামগ্রী পরিবহনে আনসার ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। নিরাপত্তার অংশ হিসেবে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে বলে জানা গেছে।
তানোর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নাঈমা খান জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন, নির্বাচন চলাকালে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে থাকবে।
অন্যদিকে, গোদাগাড়ী উপজেলাতেও পৃথকভাবে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে প্রশাসনের পক্ষ থেকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

প্রতিবেদকের নাম 










