
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে রফিকুল ইসলাম বাচ্চু পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৫৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদ এহসানুল হক রিকশা প্রতীকে পেয়েছেন ৯৯ হাজার ৩৫৪ ভোট। অর্থাৎ, রফিকুল ইসলাম বাচ্চু ৬১ হাজার ৯০৪ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন।
সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুর-৩ আসনের ১৮০টি কেন্দ্রের সবকটিতেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ২৩ হাজার ২২২ জন। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৯৩ হাজার ১৬৮টি এবং বাতিলকৃত ভোট ৭ হাজার ৬৯২টি। প্রদত্ত ভোটের হার ৫৭.৫০ শতাংশ।
অন্যান্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী মোঃ ইয়াজাদুর রহমান চৌধুরী ঘোড়া প্রতীকে ২১ হাজার ৮৪৩ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীক ৫ হাজার ৯৮৩ ভোট, ইসলামী ঐক্যজোটের মিনার প্রতীক ২ হাজার ২৯৫ ভোট, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক ১ হাজার ৯৫৫ ভোট এবং বাসদ-এর মই প্রতীক ৪৮০ ভোট পেয়েছে।
বিজয় পরবর্তী প্রতিক্রিয়ায় অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “এই বিজয় শহীদ জিয়ার আদর্শের এবং গাজীপুর-৩ আসনের অধিকারবঞ্চিত মানুষের। সাধারণ জনগণ যে আস্থা নিয়ে আমাকে ভোট দিয়েছেন, আমি তার মর্যাদা রক্ষায় আমৃত্যু কাজ করে যাব।”
এদিকে, নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই শ্রীপুর ও গাজীপুরের বিভিন্ন এলাকায় নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণের ধুম পড়ে যায়। বিজয় উল্লাসে মেতে ওঠেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। তারা এই জয়কে ‘গণতন্ত্রের বিজয়’ বলে অভিহিত করেছেন।

প্রতিবেদকের নাম 














