

নবীন মাহমুদ, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন এক পিতা। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার আমুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছোনাউটা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত আব্দুল বারেক খান (৫৫) তার ছেলে মেহেদী হাসান শুভকে (২৫) দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। ঘটনার পরপরই তিনি ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান এবং পুলিশের সহায়তা চান। খবর পেয়ে কাঠালিয়া থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত শুভর মরদেহ উদ্ধার করে এবং আব্দুল বারেক খানকে আটক করে থানায় নিয়ে আসে।
স্থানীয়রা জানান, নিহত শুভ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদকাসক্তির কারণে তিনি প্রায়ই তার বাবা-মাকে মারধর করতেন। এলাকাবাসীর অভিযোগ, তিনি একাধিক ব্যক্তিকে দা দিয়ে কুপিয়ে জখমও করেছেন। তার আচরণে পরিবার ও আশপাশের মানুষ আতঙ্কে ছিলেন।
ঘটনার দিন সকালে শুভ তার বাবার কাছে তিন লাখ টাকা দাবি করেন এবং বসতঘরে ভাঙচুর চালান বলে জানা গেছে। সন্ধ্যার দিকে তিনি বাজার থেকে একটি দা কিনে বাড়িতে ফেরেন এবং টাকা না দিলে বাবা-মাকে হত্যা করার হুমকি দেন। বিষয়টি নিহতের মা খুশি বেগম তার স্বামীকে জানান। পরে নিরাপত্তার জন্য তিনি অন্য ঘরে ঘুমান।
রাত ৩টার দিকে আব্দুল বারেক খান ঘুমন্ত অবস্থায় ছেলে শুভকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।এ ঘটনায় নিহতের মা খুশি বেগম তার স্বামী আব্দুল বারেক খানকে আসামি করে কাঠালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার (কাঠালিয়া-রাজাপুর সার্কেল) মোঃ শাহ আলম। এ সময় কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু নাছের রায়হান এবং ওসি (তদন্ত) হারান চন্দ্র পালসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :