খতিব থেকে এমপি নুরুল আমিন


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০২-১৫, ২:১৬ PM /
খতিব থেকে এমপি নুরুল আমিন

মোঃ রতন মিয়া, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে নির্বাচিত হয়ে আলোচনায় এসেছেন ৫১ বছর বয়সী মাওলানা নুরুল আমিন। মসজিদের মিম্বার থেকে সরাসরি জাতীয় সংসদে যাওয়ার এই ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে রংপুর-৬ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান তাঁকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

মাওলানা নুরুল আমিন পেশায় একজন ইমাম ও খতিব। তিনি পীরগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি হিসেবে সাংগঠনিক দায়িত্বে রয়েছেন। স্থানীয় পর্যায় থেকে শুরু করে জাতীয় অঙ্গনেও তিনি একজন পরিচিত ইসলামী বক্তা হিসেবে খ্যাতি অর্জন করেছেন।

উপজেলার চতরা ইউনিয়নে ১৪ কোটি টাকা ব্যয়ে প্রবাসী আলতাব হোসেনের ব্যক্তিগত অর্থায়নে নির্মিত দৃষ্টিনন্দন আলতাব নগর জামে মসজিদের খতিব তিনি। নির্বাচনে জয়লাভের পরদিনও তিনি ওই মসজিদে ইমামতি করেন। এ সময় হাজার হাজার মুসল্লির উপস্থিতি লক্ষ্য করা যায়, যা তাঁর জনপ্রিয়তারই প্রতিফলন বলে মনে করছেন স্থানীয়রা।

১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ২০ হাজার ১২৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৭০৩ ভোট। মোট ২ হাজার ৪২৫ ভোট বেশি পেয়ে বিজয় নিশ্চিত করেন মাওলানা নুরুল আমিন।

নির্বাচনে জয়ের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, ভোটাররা ১১ দলের প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে তাঁকে নির্বাচিত করেছেন। তবে তিনি কেবল জোটের প্রতিনিধি নন, বরং পুরো পীরগঞ্জবাসীর জনপ্রতিনিধি হিসেবে কাজ করতে চান। তিনি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করায় আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, “আল্লাহর রহমত ছাড়া কোনো কিছু সম্ভব নয়। আল্লাহ পাক মেহেরবানি করে আমাদের বিজয় দান করেছেন। এখন আমাদের দায়িত্ব সবাইকে সঙ্গে নিয়ে পীরগঞ্জকে এগিয়ে নেওয়া। যারা সম্মান দিয়ে আমাকে এ দায়িত্ব দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা রেখে চলতে চাই।”

শহীদ আবু সাঈদের রক্তস্নাত পীরগঞ্জে সংসদ সদস্য নির্বাচিত হওয়া মাওলানা নুরুল আমিন পীরগঞ্জ পৌরসভার দুরামীতিপুর গ্রামের বাসিন্দা। তিনি মাওলানা আজিজুর রহমান ও আমেনা খাতুন দম্পতির সন্তান। ১৯৭৪ সালের ১ মার্চ তিনি জন্মগ্রহণ করেন।