ঘোড়াঘাটে ছিনতাইচেষ্টায় গ্রেপ্তার ১


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০২-১৫, ৩:১১ PM /
ঘোড়াঘাটে ছিনতাইচেষ্টায় গ্রেপ্তার ১

ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ছিনতাইচেষ্টার সময় টর্চলাইটের এক ঝলক আলোই বাঁচিয়ে দিল এক অটোরিকশা চালকের প্রাণ। নির্জন স্থানে নিয়ে গিয়ে হত্যার উদ্দেশ্যে হামলার সময় স্থানীয় এক ব্যক্তির টর্চের আলো দেখে ভড়কে যায় ছিনতাইকারীরা। পরে চালক ও স্থানীয়দের সহায়তায় এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার রামেশ্বরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোস্তফা মিয়া ওরফে মোস্তা (৫৬)। তিনি উপজেলার কুন্দারামপুর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে থানায় একাধিক ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে তিন ব্যক্তি যাত্রী সেজে উপজেলার ডুগডুগি বাজার থেকে রাণীগঞ্জ বাজারে যাওয়ার কথা বলে একটি অটোরিকশায় ওঠে। পথিমধ্যে রামেশ্বরপুর এলাকার একটি নির্জন স্থানে পৌঁছালে তারা চালককে জিম্মি করে অটোরিকশাটি ছিনিয়ে নেয়। চক্রের একজন অটোরিকশাটি নিয়ে দ্রুত সটকে পড়ে।

এরপর বাকি দুইজন চালককে রাস্তার পাশের ধানক্ষেতে নিয়ে গিয়ে গলায় ও পেটে ছুরি ধরে ভয় দেখায়। কিছুক্ষণ পর তাদের একজন সড়কের দিকে এগোতেই চালকের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় ছুরিকাঘাতে চালক আহত হন। পরে দুই ছিনতাইকারী তাকে টেনে ধানক্ষেতের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে।

ঠিক সেই সময় পাশের জমিতে সেচ দিচ্ছিলেন এক স্থানীয় ব্যক্তি। সন্দেহজনক নড়াচড়া দেখে তিনি টর্চলাইট জ্বালিয়ে এগিয়ে আসেন। আলোর ঝলকানি দেখে ছিনতাইকারীরা আতঙ্কিত হয়ে পড়ে এবং পালানোর চেষ্টা করে। আহত অবস্থায়ও সাহসিকতার পরিচয় দিয়ে চালক মোস্তফা মিয়াকে ধরে ফেলেন। পরে চালকের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে আটক করে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মোস্তফা মিয়াকে গ্রেপ্তার করে। আহত চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তিনি বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, “ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা অটোরিকশাটি ফেলে রেখে পালিয়ে যায়। সেটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।”

তিনি আরও জানান, এ ঘটনায় চালক বাদী হয়ে তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার আসামিকে রোববার আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক দুইজনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।