চরফ্যাশনে মাদকবিরোধীদের ফাঁসানোর অভিযোগ


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০২-১৫, ২:৪২ PM /
চরফ্যাশনে মাদকবিরোধীদের ফাঁসানোর অভিযোগ

ফাহিম ,চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে মাদকের বিরুদ্ধে কথা বলায় ‘নাটকীয়’ ধর্ষণ মামলায় তিন যুবককে ফাঁসানোর অভিযোগ উঠেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) চরফ্যাশন প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে এমন অভিযোগ করেন নুর করিমসহ মামলার অপর দুই আসামি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগীরা জানান, হাসান সরদার একজন চিহ্নিত মাদক কারবারি। তিনি চট্টগ্রামে কর্মস্থলে থাকার সুবাদে বিভিন্ন পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে সখ্যতা গড়ে তুলে ওইসব পরিবহনের মাধ্যমে ভোলার চরফ্যাশনসহ বিভিন্ন উপজেলায় নিয়মিত মাদক পাচার করে আসছিলেন বলে দাবি করেন তারা। এতে এলাকার যুবসমাজ মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়ছে বলে অভিযোগ করেন বক্তারা।

তারা আরও জানান, মাদকের বিস্তার রোধ ও অভিযুক্ত হাসান সরদারের বিচার দাবিতে আবদুল্লাহপুর ইউনিয়নের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের শতশত নারী-পুরুষ এর আগেও ঝাড়ু মিছিল করেছেন। স্থানীয়ভাবে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে ওঠায় হাসান সরদারের মাদক ব্যবসায় ব্যাঘাত ঘটে। এতে ক্ষিপ্ত হয়ে তিনি প্রতিবাদকারী নুর করিমের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং নুর করিমের ছেলে ও স্ত্রীকে কুপিয়ে জখম করেন বলে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়। এছাড়াও নুর করিমকে মারধরের ঘটনাও উল্লেখ করা হয়।

লিখিত বক্তব্যে আরও দাবি করা হয়, মাদক কারবার চালিয়ে যেতে এবং স্থানীয় প্রতিবাদ দমন করতে হাসান সরদার তার স্ত্রীকে দিয়ে নুর করিম, হানিফ ও নাজমুলকে আসামি করে ১৪ ফেব্রুয়ারি চরফ্যাশন থানায় একটি ‘নাটকীয় ধর্ষণ মামলা’ দায়ের করিয়েছেন। সংবাদ সম্মেলনে তারা এই মামলাকে সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে উল্লেখ করেন।

তারা দাবি করেন, মাদক কারবারি হাসান সরদার ও তার স্ত্রীর দায়ের করা মিথ্যা মামলা থেকে তারা যেন ন্যায়বিচার পান, সেজন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। একইসঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানান।

অভিযোগ প্রসঙ্গে হাসান সরদার বলেন, “আমি চট্টগ্রামে ব্যবসা করি। এলাকায় মাদক বিক্রির সঙ্গে আমি জড়িত নই।”

এ বিষয়ে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, ভিক্টিম নারীর অভিযোগের ভিত্তিতে একটি মামলা গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে সত্য-মিথ্যা বেরিয়ে আসবে বলে জানান তিনি।