স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন জাহিদ হোসেন?


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০২-১৫, ২:১৯ PM /
স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন জাহিদ হোসেন?

ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এককভাবে সরকার গঠন করতে যাওয়া বিএনপির সম্ভাব্য নতুন মন্ত্রিসভা নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক জল্পনা-কল্পনা। আলোচিত সম্ভাব্য নামগুলোর মধ্যে অন্যতম বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বরেণ্য চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। দলীয় সূত্র ও রাজনৈতিক মহলের দাবি, নতুন সরকারের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তাঁর নাম প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

বিশেষ করে দলের চেয়ারপারসন তারেক রহমান স্বাস্থ্য খাতে কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে একজন অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিত্বকে দায়িত্ব দিতে আগ্রহী বলে গুঞ্জন উঠেছে। সে ক্ষেত্রে ডা. জাহিদ হোসেনের নামই এগিয়ে রয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।

দিনাজপুর-৬ (হাকিমপুর, ঘোড়াঘাট, বিরামপুর ও নবাবগঞ্জ) আসনে তিনি বেসরকারিভাবে ২ লাখ ৫ হাজার ১১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। চিকিৎসা শিক্ষায় তাঁর রয়েছে দীর্ঘ ও সমৃদ্ধ অভিজ্ঞতা। ১৯৮৩ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর ইউরোলজিতে এমএস ও এফসিপিএস সম্পন্ন করেন। দেশের চিকিৎসক সমাজে তিনি সুপরিচিত ও সম্মানিত নাম।

পেশাজীবী সংগঠনেও তাঁর নেতৃত্বগুণের স্বাক্ষর রয়েছে। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর চারবারের মহাসচিব এবং বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিএনপির রাজনীতিতে দীর্ঘ ১৮ বছরের পথচলায় তিনি অর্ধশতাধিক মামলার সম্মুখীন হয়েছেন এবং তিনবার কারাবরণ করেছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

দলীয় সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, বিএনপির রাষ্ট্র সংস্কারের ‘৩১ দফা’র আলোকে স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন আনতে ডা. জাহিদের মতো অভিজ্ঞ ও বিশ্বস্ত নেতার বিকল্প দেখছে না হাইকমান্ড। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক হিসেবেও তিনি আস্থা অর্জন করেছেন।

তবে এখনো আনুষ্ঠানিকভাবে মন্ত্রিসভার তালিকা প্রকাশ করা হয়নি। সবকিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার শপথ গ্রহণের পর তাঁর কাঁধেই উঠতে পারে দেশের ভঙ্গুর স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনের দায়িত্ব। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি ‘জোরালো সম্ভাবনা’ হিসেবেই দেখার সুযোগ রয়েছে।