চরফ্যাশনে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০২-১৬, ১:২৬ PM /
চরফ্যাশনে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সম্রাটকে রাজনৈতিক প্রতিহিংসায় জড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চরফ্যাশন প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি এ দাবি করেন।

সংবাদ সম্মেলনে সম্রাট বলেন, নিহত আবদুর রহিম ভুট্টুর ছেলে আমির হোসেনের সঙ্গে স্থানীয় দুই মাদক ব্যবসায়ী মো. আমজাদ হোসেন ও বেল্লালের মাদক বিক্রির চার হাজার টাকা নিয়ে বিরোধ ছিল। তিনি ওই বিরোধ মীমাংসার চেষ্টা করেছিলেন, কিন্তু তা সফল হয়নি। সম্রাটের দাবি, এ বিরোধের জের ধরেই গত শনিবার রাতে দুর্বৃত্তরা আমির হোসেনের বাবা আবদুর রহিমকে কুপিয়ে হত্যা করে।

সম্রাট অভিযোগ করেন, একটি মহল তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন এবং সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে হত্যাকাণ্ডের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে সাংবাদিকদের কাছে উপস্থাপন করছে। তিনি বলেন, “এ হত্যার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রতিপক্ষ নিহতের পরিবারকে দিয়ে আমার বিরুদ্ধে কথা বলাচ্ছে এবং ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে।”

এ ঘটনায় গভীর নিন্দা জানিয়ে সম্রাট বলেন, একটি নির্মম হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রাজনৈতিকভাবে কাউকে ফাঁসানোর চেষ্টা ন্যক্কারজনক। তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এদিকে নিহত আবদুর রহিমের ভাই মো. মফিজ বলেন, “আমার ভাইয়ের হত্যাকাণ্ডের সঙ্গে সম্রাটের কোনো সম্পর্ক নেই। যারা প্রকৃত অপরাধী তাদের বিরুদ্ধে আমরা মামলা করব।” তিনি আরও অভিযোগ করেন, একটি মহল হত্যাকাণ্ডকে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করছে এবং ঘটনাটিকে রাজনৈতিক রূপ দিতে চাচ্ছে।

স্থানীয়দের মধ্যে এ হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে প্রশাসনের দ্রুত তদন্ত ও আইনগত পদক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী।