

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর থানা পুলিশের অভিযানে সাতটি ছোট পিতলের মূর্তি, দুটি পিতলের বাটি এবং ব্রোঞ্জের রিং সংযুক্ত একটি কাঠের লাঠি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীগুলোর ঐতিহাসিক গুরুত্ব থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ মন্টু ফকিরের মালিকানাধীন একটি পুকুরে মাছ ধরার সময় কয়েকজন ব্যক্তি মাটির নিচে লুকানো ধাতব সামগ্রীর সন্ধান পান। এ সময় মো. রহি (১৫), তৌফিক (১৫), বিসা (৫৪) ও রিয়াদ (২২) মাছ ধরাকালে পুকুর থেকে সাতটি ছোট পিতলের মূর্তি, দুটি পিতলের বাটি এবং ব্রোঞ্জের রিং সংযুক্ত একটি কাঠের লাঠি উদ্ধার করেন।
ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃত সামগ্রীগুলো নিজেদের হেফাজতে নেয়। পরবর্তীতে প্রাথমিক যাচাই-বাছাইয়ের জন্য স্থানীয় স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা করানো হয়। পরীক্ষায় জানা যায়, মূর্তিগুলো কাসা, ব্রোঞ্জ বা পিতলের তৈরি হতে পারে।
পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধার হওয়া সামগ্রীগুলোর ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিক মূল্য থাকতে পারে। তবে সঠিক তথ্য জানতে বিশেষজ্ঞদের মাধ্যমে আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এ বিষয়ে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে কৌতূহল দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, এলাকাটিতে আরও প্রত্নসম্পদ থাকতে পারে। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :