বেলকুচিতে হুমকি-মারধরে দুই নেতার পদ স্থগিত


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০২-১৬, ১:২০ PM /
বেলকুচিতে হুমকি-মারধরে দুই নেতার পদ স্থগিত

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) সংসদীয় আসনে ভোটারদের হুমকি ও মারধরের অভিযোগে দুই নেতার সব দলীয় পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এ সিদ্ধান্ত নেয় জেলা বিএনপি।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোর রাতে সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত পৃথক দুটি চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা রক্ষা এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

পদ স্থগিত হওয়া নেতারা হলেন—বেলকুচি পৌর শাখাধীন জাতীয়তাবাদী সাইবার দলের সাংগঠনিক সম্পাদক শিহাব মণ্ডল এবং বেলকুচি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মণ্ডল। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, নির্বাচনের পরবর্তী সময়ে সাধারণ ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, হুমকি দেওয়া এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মারধরের ঘটনায় জড়িত ছিলেন। এ ঘটনায় তাদের নামে মামলা দায়ের হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠিতে আরও বলা হয়, তদন্ত প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের সকল দলীয় দায়িত্ব ও পদ সাময়িকভাবে স্থগিত থাকবে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে বিএনপি কঠোর অবস্থানে রয়েছে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে নিশ্চিত করা হয়েছে।

এ ঘটনায় বেলকুচি এলাকায় রাজনৈতিক মহলে আলোচনা সৃষ্টি হয়েছে। দলীয় শৃঙ্খলা রক্ষায় নেওয়া এ পদক্ষেপকে অনেকে ইতিবাচক হিসেবে দেখছেন। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।