

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অনুষ্ঠিত হওয়ার তিন দিন পরও রামপাল উপজেলায় রাজনৈতিক উত্তেজনা থামেনি। নির্বাচনের রেশ কাটতে না কাটতেই রাজনৈতিক বিরোধ ও ব্যক্তিগত দ্বন্দ্বকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটেছে। উপজেলার পেড়িখালী ইউনিয়নের সিকিরডাঙ্গা গ্রামে এক হামলায় শিশুসহ চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, গত ১৫ ফেব্রুয়ারি (রবিবার) সকালে সিকিরডাঙ্গা গ্রামে রাজনৈতিক বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। অভিযোগ রয়েছে, প্রতিপক্ষের লোকজন কটূক্তি করতে থাকে এবং বাড়ির বাইরে বের হলে হামলার হুমকি দেয়। একপর্যায়ে বিএনপি কর্মী রফিকুল সিকদার, মিরাজুল সিকদার ও মো. সেলিম শেখের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। হামলায় মো. সেলিম শেখ গুরুতর আহত হন। এ সময় এক শিশুও আহত হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
হামলার সময় স্থানীয় লোকজন ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
অভিযুক্তদের মধ্যে পেড়িখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কয়েকজন স্থানীয় নেতাকর্মীর নাম উল্লেখ করেছেন ভুক্তভোগী পরিবার। তাদের দাবি, পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।
আহতদের পরিবারের সদস্যরা জানান, নির্বাচনের পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “ঘটনার বিষয়ে অবগত হয়েছি। তবে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
আপনার মতামত লিখুন :