

গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ‘দীন অ্যাপারেলস সোয়েটার লিমিটেড’-এর প্রায় দুই শতাধিক শ্রমিক। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গোদারচালা ও ছাতিরবাজার এলাকায় অবস্থিত কারখানার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দীর্ঘ সময় ধরে শ্রমিকরা অবস্থান করলেও ঘটনাস্থলে প্রশাসন বা পুলিশের উপস্থিতি দেখা যায়নি বলে অভিযোগ উঠেছে।
শ্রমিকদের দাবি, কারখানাটিতে কর্মরত প্রায় ২০০ শ্রমিকের বেতন কয়েক মাস ধরে বকেয়া রয়েছে। কারও এক মাস, কারও দুই মাস, আবার অনেকের টানা ছয় মাসের বেতন পরিশোধ করা হয়নি। বকেয়া পাওনার পরিমাণও বড় অঙ্কের— কোনো শ্রমিকের এক লাখ টাকা, আবার কারও চার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত আটকে রয়েছে বলে জানা গেছে। সব মিলিয়ে বকেয়া টাকার পরিমাণ কোটি টাকা ছাড়িয়েছে বলে শ্রমিকদের দাবি।
মানববন্ধনে সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা ছিল এক প্রবীণ নিরাপত্তা কর্মীর আর্তনাদ। ছয় মাসের বেতন না পেয়ে অর্থাভাবে তার অসুস্থ স্ত্রীর চিকিৎসা করাতে পারেননি বলে অভিযোগ করেন তিনি। কান্নাজড়িত কণ্ঠে ওই নিরাপত্তা কর্মী জানান, তার মাসিক বেতন ১৩ হাজার ৫০০ টাকা। গত ছয় মাসে এক টাকাও পাননি। টাকার অভাবে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ কিনতে না পারায় তার স্ত্রী মারা গেছেন বলে তিনি দাবি করেন। তিনি বলেন, “মালিকের কাছে হাত-পা ধরেছি, কিন্তু কোনো সহায়তা পাইনি।”
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে তারা হাড়ভাঙা পরিশ্রম করলেও মালিকপক্ষ বেতন পরিশোধ করছে না। ঘরভাড়া ও নিত্যপ্রয়োজনীয় খরচ চালাতে না পেরে তারা মানবেতর জীবনযাপন করছেন। অনেকেই বাড়িওয়ালার চাপ ও দোকানের বকেয়ার কারণে চরম দুর্ভোগে পড়েছেন।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানাটি বর্তমানে প্রায় বন্ধ রয়েছে এবং মালিকপক্ষের অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
শ্রমিকরা দ্রুত বকেয়া পরিশোধ ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।
আপনার মতামত লিখুন :