

মোঃ রতন মিয়া, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি;
রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা নূরুল আমিন শপথ গ্রহণ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বলেন, সকল ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারের জাল ছিন্ন করে আল্লাহ তাকে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার তাওফিক দিয়েছেন।
ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, অনেক ক্ষমতাধর ও বিত্তশালী ব্যক্তি এবং ভোট কেনাবেচায় জড়িত চক্র ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লার বিজয় ঠেকাতে চাইলেও সফল হতে পারেনি। তিনি বলেন, “আল্লাহর সাহায্য ছাড়া কোনো অপশক্তি সত্যের বিজয় ঠেকাতে পারে না।”
নবনির্বাচিত এমপি মাঠপর্যায়ের নেতা-কর্মী এবং ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তারা শারীরিক শ্রম, অর্থনৈতিক কোরবানি, হুমকি ও ক্ষয়ক্ষতি স্বীকার করেও নির্বাচনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করেছেন। তিনি তাদের অবদানকে সম্মান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানান।
নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে মাওলানা নূরুল আমিন বলেন, যারা মারপিট, হামলা, ভাঙচুর ও নির্যাতনের শিকার হয়েছেন, তারা ধৈর্য ধারণ করুন। তিনি উল্লেখ করেন, অত্যাচারীরা কখনো স্থায়ী হয় না এবং সময়ই তার উপযুক্ত জবাব দেয়।
একইসঙ্গে তিনি বলেন, তিনি একটি ভালো ও শান্তিপূর্ণ পীরগঞ্জ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং সবার দোয়া কামনা করেছেন। তবে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, পীরগঞ্জকে অশান্ত করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। ভদ্রতা ও নীরবতাকে দুর্বলতা মনে না করার আহ্বান জানিয়ে তিনি সবাইকে প্রতিহিংসা পরিহার করে ন্যায় ও ইনসাফের পথে থাকার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :