শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০২-১৭, ১২:৪১ PM /
শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট

আশিকুর রহমান সবুজ, গাজীপুর জেলা প্রতিনিধি; গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থাকা প্রাইভেট অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছেন অসহায় রোগী ও তাদের স্বজনরা। অভিযোগ উঠেছে, হাসপাতালের সামনে ৫-৭ জন চালকের একটি সংঘবদ্ধ চক্র নির্ধারিত দূরত্বের তুলনায় অতিরিক্ত ভাড়া আদায় করে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে।

ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল বিকেলে উপজেলার বারতোপা এলাকা থেকে এক রোগীকে আশঙ্কাজনক অবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভর্তির মাত্র দুই ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় ওই রোগীর মৃত্যু হয়। প্রিয়জনকে হারানোর শোকের মুহূর্তে মরদেহ বাড়িতে নেওয়ার জন্য স্বজনরা হাসপাতালের সামনে থাকা প্রাইভেট অ্যাম্বুলেন্স চালকদের সঙ্গে যোগাযোগ করেন।

এ সময় ৫-৭ জন চালক একযোগে তাদের ঘিরে ধরে বারতোপা এলাকায় মরদেহ পৌঁছাতে ৪ হাজার টাকা ভাড়া দাবি করে। অথচ হাসপাতাল থেকে বারতোপার দূরত্ব মাত্র ১২ কিলোমিটার। স্বজনরা বারবার অনুরোধ করলেও চালকরা সাফ জানিয়ে দেন, “এর কম এক টাকাও হবে না।”

পরিবারের সদস্যরা জানান, অস্বাভাবিক এই ভাড়া আদায়ের পাশাপাশি সিন্ডিকেটের ভয়ে অন্য কোনো ব্যক্তিগত গাড়িকেও হাসপাতাল চত্বরে ঢুকতে বাধা দেওয়া হয়। এতে প্রায় আধা ঘণ্টা ধরে স্বজনরা অসহায়ভাবে জিম্মি অবস্থায় থাকেন। পরে তারা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে সরকারি অ্যাম্বুলেন্সের মাধ্যমে মরদেহ বাড়িতে পৌঁছানো হয়।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, প্রাইভেট গাড়ির ভাড়ার বিষয়ে সরাসরি আইন প্রয়োগের সুযোগ সীমিত। তবে হাসপাতাল এলাকায় সিন্ডিকেট গড়ে ওঠা জনসাধারণের জন্য চরম ভোগান্তির কারণ বলে তিনি স্বীকার করেন।

সরেজমিনে দেখা যায়, ব্যক্তিগত মালিকানাধীন অ্যাম্বুলেন্স ও চালকদের সংগঠিত সিন্ডিকেট থাকায় সাধারণ মানুষ প্রতিবাদ করেও কার্যকর সমাধান পাচ্ছে না। সচেতন মহলের দাবি, উপজেলা প্রশাসন কঠোর ব্যবস্থা নিয়ে হাসপাতালের সামনে অবৈধ স্ট্যান্ড ও উশৃঙ্খল চালকদের সরিয়ে দিলেই এই সিন্ডিকেট ভাঙা সম্ভব।