

মোসফিকা আক্তার, নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলায় ট্রাক্টর ও পাওয়ার টিলার চুরির ঘটনায় সক্রিয় আন্তঃজেলা চোরচক্রের বিরুদ্ধে বড় ধরনের সাফল্য পেয়েছে জেলা পুলিশ। জেলা পুলিশের অভিযানে চারটি চোরাই পাওয়ার টিলার ও একটি মিনি পিকআপ উদ্ধার করা হয়েছে। এ সময় চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি মান্দা থানার বিভিন্ন এলাকায় একাধিক ট্রাক্টর ও পাওয়ার টিলার চুরির অভিযোগ পাওয়া যায়। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়। তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ দলটি অভিযান পরিচালনা শুরু করে।
অভিযানের অংশ হিসেবে চোর সন্দেহে মান্দা উপজেলার গাড়ীক্ষেত্র গ্রামের মোঃ ফারুক হোসেন (৪৫) কে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর উপজেলার শালবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে মৃত আবুল বক্কর সিদ্দিকের ছেলে মিলন হোসেন (৫০) কে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে একটি চোরাই পাওয়ার টিলার উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই আসামি আন্তঃজেলা ট্রাক্টর ও পাওয়ার টিলার চোরচক্রের সদস্য বলে স্বীকার করেছে। তারা আরও কয়েকটি চুরির ঘটনার তথ্য দিয়েছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী গত ১৭ ফেব্রুয়ারি দিনব্যাপী অভিযান চালিয়ে মান্দা থানা পুলিশ আরও তিনটি পাওয়ার টিলার উদ্ধার করে। এছাড়া চুরি করা পাওয়ার টিলার পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ জব্দ করা হয়েছে।
ট্রাক্টর হারানোর অভিযোগকারী রহিদুল ইসলাম ও জয়নুল ইসলাম বিশ্বাস বলেন, “পুলিশের দ্রুত ও কার্যকর পদক্ষেপে আমাদের চুরি যাওয়া পাওয়ার টিলার উদ্ধার হয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ।”
কৃষিনির্ভর মান্দা উপজেলার কৃষকদের জন্য পাওয়ার টিলার অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষিযন্ত্র। চারটি পাওয়ার টিলার উদ্ধার এবং চোরচক্রের সদস্য গ্রেপ্তার হওয়ায় স্থানীয় গ্রামবাসী মান্দা থানা পুলিশ ও নওগাঁ জেলা পুলিশের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “নওগাঁ জেলায় অপরাধ প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে জেলা পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে। চোরচক্র ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে জনসাধারণকে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত শেষে আদালতে পাঠানো হবে।
আপনার মতামত লিখুন :