শ্রীপুরে দুর্নীতির অভিযোগে খাদ্য কর্মকর্তা বদলি


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০২-১৮, ১১:৫৬ AM /
শ্রীপুরে দুর্নীতির অভিযোগে খাদ্য কর্মকর্তা বদলি

আশিকুর রহমান সবুজ, গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা আসাদুজ্জামান ভূঁইয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলমান দুর্নীতি, ঘুষ বাণিজ্য, স্বজনপ্রীতি ও নানা অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে অবশেষে তাকে স্টেশন ছাড়তে হয়েছে। সম্প্রতি তাকে বদলি করা হলেও স্থানীয় সচেতন মহলের মতে, কেবল বদলি কোনোভাবেই শাস্তির পর্যায়ে পড়ে না। বরং এটি একটি ‘রুটিন প্রশাসনিক ব্যবস্থা’ হিসেবে দেখানো হচ্ছে, যা দুর্নীতির প্রকৃত বিচার নিশ্চিত করতে ব্যর্থ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসাদুজ্জামান ভূঁইয়ার বিরুদ্ধে খাদ্য অধিদপ্তরসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে লিখিতভাবে একাধিক অভিযোগ জমা পড়ে। এসব অভিযোগে খাদ্যশস্য বিতরণে অনিয়ম, সরকারি সুবিধা বণ্টনে পক্ষপাতিত্ব এবং অবৈধ লেনদেনের অভিযোগ উঠে আসে। পরে গাজীপুর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

তবে অভিযোগ রয়েছে, তদন্ত কমিটি সরেজমিনে এসে আনুষ্ঠানিক তদন্তের পরিবর্তে ‘ভুরিভোজে’ ব্যস্ত সময় পার করেছে। স্থানীয়দের দাবি, সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তদন্ত দলের সদস্যরা দ্রুত স্থান ত্যাগ করেন এবং কোনো ধরনের বক্তব্য দিতে রাজি হননি। এরপর আরেকটি তদন্ত কমিটি গঠন করা হলেও একই ধরনের ঘটনা ঘটে বলে জানা গেছে। দ্বিতীয় তদন্ত দলও সাংবাদিকদের সাথে কথা বলতে অস্বীকৃতি জানায়।

এদিকে স্থানীয় পর্যায়ে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে, মোটা অঙ্কের উৎকোচের বিনিময়ে তদন্ত কার্যক্রমকে প্রভাবিত করা হয়েছে। যদিও এসব গুরুতর অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সচেতন নাগরিক সমাজ মনে করছে, শুধু আসাদুজ্জামান ভূঁইয়া নয়—তার এসব অনিয়মের পেছনে ঊর্ধ্বতন পর্যায়ের কোনো অসাধু কর্মকর্তা জড়িত থাকতে পারেন। সরকারি খাদ্যশস্য বিতরণ একটি জনগুরুত্বপূর্ণ সেক্টর হওয়ায় এখানে দুর্নীতির শেকড় কতদূর বিস্তৃত, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদঘাটন করা জরুরি। তারা দাবি জানিয়েছেন, প্রমাণ সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে বিভাগীয় কঠোর ব্যবস্থা গ্রহণ এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।