

জাকির হোসেন, শার্শা (যশোর) প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলায় দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় ইয়ার আলী (২৭) নামে এক সাইকেল আরোহী যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার লাউতারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, ফলে এলাকায় আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।
আহত ইয়ার আলী বেনাপোল পোর্ট থানাধীন গয়রা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তিনি নিজ বাড়ি থেকে সাইকেল চালিয়ে ধলদা এলাকার দিকে যাচ্ছিলেন। পথে লাউতারা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাত দ্রুতগতির ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ইয়ার আলী রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকচালক থামার কোনো চেষ্টা না করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত যুবককে উদ্ধার করেন। পরিবারের সদস্যদের সহায়তায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত যুবকের মাথা ও পায়ে গভীর জখম রয়েছে। তবে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং শঙ্কামুক্ত। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে কি না তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় এলাকাবাসী হিট অ্যান্ড রান দুর্ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা দ্রুত ট্রাকচালককে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
আপনার মতামত লিখুন :