সিসি ক্যামেরায় ধরা রহস্যময় ‘রোবট কুকুর’!


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০২-১৯, ৮:৫৪ AM /
সিসি ক্যামেরায় ধরা রহস্যময় ‘রোবট কুকুর’!

আতিকুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি-

বাংলাদেশ-ভারত সীমান্তঘেঁষা কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের মিলনি বাজার এলাকায় গভীর রাতে সিসি ক্যামেরায় ধরা পড়া ‘কুকুর সদৃশ রোবট’ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ভোররাত প্রায় ৩টা ৩৫ মিনিটের দিকে বাজারের একটি দোকানের সামনে দিয়ে চার পায়ে চলন্ত, লাইট জ্বালানো একটি অদ্ভুত বস্তু দ্রুতগতিতে রাস্তার এক পাশ থেকে অন্য পাশে চলে যেতে দেখা যায়।
মিলনি বাজারের আলাউদ্দিন ইলেকট্রনিক্স ও হার্ডওয়্যার দোকানে নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা স্থাপন করা হয়। দোকানের মালিক রোকনুজ্জামান রোকন জানান, পূর্বে তাদের দোকানে চুরির ঘটনা ঘটায় তারা ক্যামেরা লাগান। সোমবার রাতের ফুটেজ পরদিন সকালে পরীক্ষা করতে গিয়ে তার ছোট ভাই নাজমুল হোসেন প্রথম বস্তুটি লক্ষ্য করেন। পরে ফুটেজটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে যায়।
নাজমুল হোসেন বলেন, “প্রথমে বস্তুটি সাইকেলের মতো মনে হয়েছিল। পরে ভালো করে দেখে চার পায়ে দৌড়ে যাওয়া রোবট সদৃশ কিছু মনে হয়। এর কিছুক্ষণ পর একটি মোটরসাইকেল দ্রুতগতিতে গিয়ে আবার ফিরে আসে।”
পাশের মুদি দোকানদার নূর মোহাম্মদ মিয়া জানান, রাত তিনটার পর অস্বাভাবিক শব্দ শুনে তিনি টিনের ফাঁক দিয়ে তাকিয়ে দেখেন লাইট জ্বালানো চার পায়ের কিছু একটি লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। এতে তিনি ভয় পেয়ে যান।
বাজার কমিটির সভাপতি শুকুর আলী বলেন, বাজারটি সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার দূরে। এখানে বিদেশি কোনো রোবট আসার সম্ভাবনা কম। তবে ঘটনার রহস্য উদ্ঘাটন জরুরি।
ঘটনার খবর পেয়ে বুধবার দুপুরে বিজিবি ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কচাকাটা থানার এসআই কার্তিক চন্দ্র জানান, বিষয়টি তদন্তাধীন। ২২ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মাহাবুব উল হক বলেন, এখানে রোবট আসার সম্ভাবনা নেই, তবে পর্যবেক্ষণ চলছে।
নিরাপত্তা বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল শামীম কামাল মনে করেন, এটি কারো ব্যক্তিগত বা নিরাপত্তা বাহিনীর প্রযুক্তিগত ডিভাইস হতে পারে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও তিনি মন্তব্য করেন।