

ইমরান হোসেন,যশোর জেলা প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভাষা শহীদদের স্মরণ, তাদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরা এবং নতুন প্রজন্মের মাঝে মাতৃভাষার গুরুত্ব ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুনের সভাপতিত্বে এবং উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুণ্ডের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর–৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী। তিনি ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরে বলেন, ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির আত্মপরিচয়ের ভিত্তি স্থাপন করেছে। ভাষা শহীদদের আত্মত্যাগের মাধ্যমেই স্বাধীনতার পথ সুগম হয়েছে। তিনি নতুন প্রজন্মকে বাংলা ভাষার শুদ্ধ চর্চা ও বিকাশে এগিয়ে আসার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায়, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা এস এম তৌহিদুজ্জামান, কেশবপুর পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, এনসিপি কেশবপুর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মোঃ সম্রাট হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, পৌর শাখার আমীর প্রভাষক জাকির হোসেন, পেশাজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান এবং কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক ক্রীড়া সম্পাদক মোঃ সাইদুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিশুদের মাঝে দেশপ্রেম ও ভাষা আন্দোলনের চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আপনার মতামত লিখুন :