নড়াইলে স্লোগানে আ.লীগ অফিস উদ্বোধন


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০২-২১, ১২:৩৩ PM /
নড়াইলে স্লোগানে আ.লীগ অফিস উদ্বোধন

নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয় পুনরায় খুলে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন করেছেন দলটির নেতাকর্মীরা। মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৪ নম্বর নোয়াগ্রাম ইউনিয়নের মানিকগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় নেতাকর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেন। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্র ও ভাইরাল ভিডিওতে দেখা যায়, নড়াইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কাজী আব্দুল আলীমের নেতৃত্বে নোয়াগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া হয়। পরে কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘কে বলে রে মুজিব নাই, মুজিব সারা বাংলায়’, ‘আজকের এই দিনে মুজিব তোমায় মনে পড়ে’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনা সরকার বারবার দরকার’—এমন বিভিন্ন স্লোগান দেন।

এ বিষয়ে কাজী আব্দুল আলীম তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে উল্লেখ করেন, “দীর্ঘ ১৮ মাস পরে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার অন্তর্গত বাংলাদেশ আওয়ামী লীগ ৪ নম্বর নোয়াগ্রাম ইউনিয়ন মানিকগঞ্জ বাজার আঞ্চলিক কার্যালয় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শুভ উদ্বোধন করলাম।”

ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, “ঘটনার কথা আমরা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে।”

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ঘিরে নানা মন্তব্য দেখা গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।