

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি সৈকত আহমেদ: নাটোরের বড়াইগ্রামে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও বনপাড়া পৌর প্রশাসক জুবায়ের জাহাঙ্গীর, উপজেলা কৃষি কর্মকর্তা সজিব আল মারুফ, বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালাম, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার বয়াত রেজা, জেলা বিএনপির সদস্য ও বনপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ এম লুৎফর রহমান এবং জেলা বিএনপির সদস্য ও বড়াইগ্রাম টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ আশরাফ আলী প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা ভাষা শহীদদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরে নতুন প্রজন্মের মাঝে মাতৃভাষার মর্যাদা ও চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালির জাতীয় চেতনার ভিত্তি রচনা করেছে। ভাষা শহীদদের আত্মদানই স্বাধীনতার বীজ বপন করেছিল। বাংলা ভাষার সঠিক চর্চা ও সংরক্ষণে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।
এর আগে একুশের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় রাজনৈতিক দলের নেতা-কর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম।
আপনার মতামত লিখুন :