

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে নবনির্বাচিত সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের সঙ্গে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু রাহাত, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান সবুজ, বাবু বিধান চন্দ্র রায়, প্রেস ফাইভের উপদেষ্টা রেজাউল করিম মানিক, কালীগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আল আমিন বাবু, নবিউল করিম লেবুসহ অন্যান্যরা।
মতবিনিময়কালে সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেন, “আমরা একঝাঁক মেধাবী কর্মকর্তাদের নিয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করছি।” তিনি জেলার পাঁচ উপজেলার নির্বাহী কর্মকর্তাদের মধ্যে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার দক্ষতার ভূয়সী প্রশংসা করেন। তিনি আরও বলেন, সরকারি অফিস বা দপ্তরে এসে কোনো দলীয় কর্মী অন্যায় দাবি করলে বা প্রভাব বিস্তার করতে চাইলে তা বরদাস্ত করা হবে না। সরকারি দপ্তরগুলোতে ইতিবাচক ও দৃশ্যমান পরিবর্তন দেখতে চান বলেও তিনি উল্লেখ করেন।
এছাড়া তিনি কালীগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।
সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার জাহান নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন। পরে উপজেলা কোর্ট মসজিদের ইমাম দোয়া ও মোনাজাত পরিচালনা করলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিলের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আপনার মতামত লিখুন :