

নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলায় গাছের গোড়ায় পড়ে থাকা সাদা একটি ব্যাগের ভেতর থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে যৌথবাহিনী। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ঢাকা থেকে আসা বোম্ব ডিসপোজাল ইউনিট বোমাটি সফলভাবে নিষ্ক্রিয় করে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পৌরসভার ছোট কালিয়া এলাকায় সালেহা বেগম নামে এক নারীর বাড়ির পাশের গাছের গোড়ায় একটি পরিত্যক্ত সাদা ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। ব্যাগটি দীর্ঘ সময় পড়ে থাকতে দেখে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে এবং বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানায়।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে রাখেন। পরবর্তীতে ব্যাগের ভেতর তল্লাশি চালিয়ে বোমা সদৃশ একটি বস্তু দেখতে পান তারা। সম্ভাব্য ঝুঁকি এড়াতে এলাকাটি নিরাপত্তা বলয়ে নেওয়া হয় এবং সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়।
এদিকে সাদা ব্যাগের ভেতরে আসলে কী রয়েছে—তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন ও ধোঁয়াশার সৃষ্টি হয়। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ঢাকা থেকে বিশেষায়িত বোম্ব ডিসপোজাল ইউনিট এসে প্রযুক্তিগত সহায়তায় বোমাটি নিষ্ক্রিয় করে পরিস্থিতি স্বাভাবিক করে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইদ্রিস আলী জানান, “মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকা থেকে ডিসপোজাল ইউনিট এসে বোমাটি নিষ্ক্রিয় করেছে। এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।” পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে দায়ীদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :