

নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ থেকে ১২ জন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের বড়কোলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
নিহতরা হলেন— বড়কোলা গ্রামের খলিল গ্রুপের রহমান খলিল, তার ছেলে তাহাজ্জুদ হোসেন, একই গ্রুপের ফেরদৌস হোসেন এবং সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের ওসিবুর মিয়া। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্লার সঙ্গে আরেক সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে সোমবার ভোরে খায়রুজ্জামান মোল্লার সমর্থকরা উজ্জ্বল শেখের সমর্থকদের ওপর হামলা চালায়।
হামলায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন বলে জানায় পুলিশ। পরবর্তীতে উজ্জ্বল শেখের সমর্থকরা পাল্টা হামলা চালালে উভয়পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। এতে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় চারজন।
সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী টহল জোরদার করেছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, “এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িতদের আইনের আওতায় আনতে জোর তৎপরতা চালানো হচ্ছে।”
বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
আপনার মতামত লিখুন :