পীরগঞ্জে প্রতিবন্ধীর গমক্ষেতে ‘বিষ’ প্রয়োগে ফসল নষ্টের অভিযোগ।


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০২-২৬, ৫:৩১ PM /
পীরগঞ্জে প্রতিবন্ধীর গমক্ষেতে ‘বিষ’ প্রয়োগে ফসল নষ্টের অভিযোগ।

পারভেজ হাসান, ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পূর্বশত্রুতার জেরে প্রতিবন্ধী কৃষকের গমক্ষেতে বিষাক্ত স্প্রে ছিটিয়ে ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার পীরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কাঞ্চন ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে ওই কৃষকের প্রায় ৩১ শতক জমির গম গাছ পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষকের নাম আইনুল হক। তিনি ওই গ্রামের বাসিন্দা এবং একজন শারীরিক প্রতিবন্ধী। তাঁর অভিযোগ, দীর্ঘদিনের শত্রুতার জেরে প্রতিপক্ষরা রাতের আঁধারে এই ঘটনা ঘটিয়েছে।
আইনুল হক জানান, ধারদেনা করে নিজের ৩১ শতক জমিতে গমের আবাদ করেছিলেন তিনি। চলতি মৌসুমে ফলনও বেশ ভালো হয়েছিল। কিন্তু গত বৃহস্পতিবার সকালে ক্ষেতে গিয়ে তিনি দেখতে পান, সবুজ গম গাছগুলো হঠাৎ হলুদ হয়ে শুকিয়ে গেছে।
তিনি আক্ষেপ করে বলেন, “আমার তো চলার মতো অন্য কোনো পথ নেই। এই গমই ছিল একমাত্র আয়ের উৎস। রাতের আঁধারে কারা বিষ দিয়ে আমার সব শেষ করে দিল, আমি এর বিচার চাই।”
স্থানীয় বাসিন্দারা জানান, ফসল নষ্ট করার মতো এমন অমানবিক কাজ মেনে নেওয়া যায় না। একজন প্রতিবন্ধী মানুষের ওপর এমন অত্যাচার অত্যন্ত দুঃখজনক। তারা দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান বলেন, “এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ আমাদের কাছে আসেনি। অভিযোগ পেলে আমরা মাঠ পর্যায়ে তদন্ত করব।”
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজারুল ইসলাম জানান, ফসল নষ্টের বিষয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে পুলিশ দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
ক্ষতিগ্রস্ত কৃষক আইনুল হক জানান, তিনি প্রতিকার চেয়ে স্থানীয় প্রশাসন ও থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।