ফেসবুকে ডেকে মারধর, ছিনতাই অভিযোগ


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৩-০১, ২:০৩ PM /
ফেসবুকে ডেকে মারধর, ছিনতাই অভিযোগ

ইমরান হোসেন, যশোর জেলা প্রতিনিধি: যশোরের কেশবপুরে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে ডেকে এনে এক স্বেচ্ছাসেবকদল নেতাকে প্রকাশ্যে মারধর ও নগদ ১৭ হাজার ৫০০ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে বিএনপির তিন নেতার বিরুদ্ধে। এ ঘটনায় কেশবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভালুকঘর গ্রামের মৃত আনছার আলী বিশ্বাসের ছেলে মোঃ মিন্টু রহমান জিকো (৩৬) গত ২৭ ফেব্রুয়ারি ২০২৬ (শুক্রবার) রাতে কেশবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহিদের ফেসবুক মেসেঞ্জার থেকে কেশবপুর বাজারে দেখা করার বার্তা পান। পরদিন ২৮ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক ১টার দিকে তিনি কেশবপুর বাজারের ত্রিমোহিনী মোড়ে পৌঁছালে সেখানে উপস্থিত শেখ শহিদুল ইসলাম শহিদ (৫২), মোঃ মতিন গাজী (৪৫) ও মোঃ ইয়াসিন হোসেন (৩৭) তাকে ধরে টেনে-হিঁচড়ে ত্রিমোহিনী মোড়ে অবস্থিত বাংলাদেশ কৃষি ব্যাংকের পাশের একটি চায়ের দোকানে নিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, সেখানে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় এবং বেধড়ক মারধর করা হয়। অভিযোগে বলা হয়েছে, শেখ শহিদুল ইসলাম তাকে ধরে রাখেন, মতিন গাজী তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুষি ও লাথি মারেন এবং ইয়াসিন হোসেন কাঠের লাঠি দিয়ে আঘাত করেন। এতে মিন্টু রহমান জিকো গুরুতর ফোলা জখম হন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
অভিযোগে আরও বলা হয়, মারধরের একপর্যায়ে তার কাছে থাকা ১৭ হাজার ৫০০ টাকা জোরপূর্বক কেড়ে নেওয়া হয় এবং প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়। ঘটনার সময় মাহফুজুর রহমান মিন্টু (৩৪) ও মিলন (৩৬)সহ কয়েকজন স্থানীয় ব্যক্তি উপস্থিত ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।