

বরিশাল প্রতিনিধি: বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন আলোচনায় রয়েছেন সাবেক সংসদ সদস্য আলহাজ মো. মোশাররফ হোসেন মঙ্গুর কন্যা অধ্যাপক ডা. জাহানারা লাইজু। চিকিৎসক, শিক্ষাবিদ ও দীর্ঘদিনের বিএনপি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এই নেত্রী জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশা করছেন।
বর্তমানে তিনি উত্তরা আধুনিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদিকা (মহিলা বিষয়ক) এবং উত্তরা আধুনিক মেডিকেল কলেজ শাখা ড্যাবের সভাপতি হিসেবে সক্রিয় রয়েছেন। তিনি মুলাদী উপজেলা বিএনপির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ফাউন্ডেশন মেম্বার হিসেবেও যুক্ত।
রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা ডা. জাহানারা লাইজু ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী ছাত্রদল ও জাসাসের রাজনীতিতে সম্পৃক্ত। তার পিতা বরিশাল-৩ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় তিনিও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রাখছেন।
তার স্বামী অধ্যাপক ডা. এস. এম. খালিদ মাহমুদ শাকিল শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি এবং ঢাকা শিশু হাসপাতালের সাবেক উপপরিচালক।
ডা. লাইজু জানান, ১৯৯০ সালের গণঅভ্যুত্থানে তিনি সরাসরি অংশ নেন এবং জাসাসের শিল্পী হিসেবে আন্দোলনে গান পরিবেশন করেন। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় আহতদের চিকিৎসাসেবা দিয়েছেন বলেও উল্লেখ করেন। বিএনপির বিভিন্ন আন্দোলনে আহত নেতাকর্মীদের চিকিৎসা সহায়তা দেওয়ার কথাও জানান তিনি।
শিক্ষাজীবনে তিনি শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং ফার্মাকোলজিতে এমফিল ডিগ্রি অর্জন করেন। একসময় বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী ছিলেন এবং রবীন্দ্রসংগীতে জাতীয় পর্যায়ে পুরস্কার লাভ করেন।
ডা. জাহানারা লাইজু বলেন, “রাজনীতি মানে মানুষের পাশে দাঁড়ানো। প্রান্তিক মানুষের বড় সমস্যা হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যসেবা না পাওয়া। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মানসম্মত প্রাইমারি হেলথকেয়ার নিশ্চিত করা গেলে হাসপাতালের ওপর চাপ অনেক কমবে।” তিনি মাতৃস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, টিকাদান ও পুষ্টি সেবা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন এবং গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক-নার্স ও ওষুধ সরবরাহ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা বলেন।
উল্লেখ্য, জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন রয়েছে ৫০টি। দলীয় সূত্রে জানা গেছে, আসন বণ্টনে বিএনপি সর্বাধিক সংখ্যক ৩৫টি সংরক্ষিত নারী আসন পেতে পারে।
আপনার মতামত লিখুন :