
ঝালকাঠি জেলা প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে গভীর রাতে অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের তীব্রতায় দোকানগুলোর ভেতরে থাকা সব মালামাল পুড়ে যাওয়ায় প্রায় ১৫ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
বুধবার (৪ মার্চ) রাত দেড়টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদের সামনে সড়কের পাশে অবস্থিত কয়েকটি দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত আনুমানিক দেড়টার দিকে রাজিব স্টোরে আগুনের লেলিহান শিখা দেখতে পান আশপাশের লোকজন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা প্রথমে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় মুহূর্তের মধ্যেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
পরে নলছিটি ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু ততক্ষণে আগুনে ছয়টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এর মধ্যে একটি মুদি দোকান এবং বাকি দোকানগুলো ছিল টি-স্টল।
পুড়ে যাওয়া দোকানের মালিক রাজিব স্টোরের স্বত্বাধিকারী রাজিব হোসেন বলেন, সামনে রমজান উপলক্ষে দোকানে অনেক টাকার মালামাল মজুদ ছিল। আগুনে সবকিছু পুড়ে গেছে। কিছুই রক্ষা করতে পারলাম না। কীভাবে আগুন লাগল তা বুঝতে পারছি না। সব শেষ হয়ে গেছে—এ কথা বলতে বলতে তিনি কান্নায় ভেঙে পড়েন।
নলছিটি ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মফিজুর রহমান জানান, রাত ১টার পর অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।