
মোঃ রুবেল মিয়া | চিলমারী, কুড়িগ্রাম -
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সনদ অর্জন করেছে রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির সদস্য সচিব আবু সাঈদ মো. আব্দুল ওয়াহিদ।
পাবলিক পরীক্ষার ফলাফল, শিক্ষার্থীর সংখ্যা, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা, সহশিক্ষা কার্যক্রম এবং সাহিত্য-সংস্কৃতিতে গৌরবজনক সাফল্যের ভিত্তিতে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা নির্বাচিত হয়।
এ প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. মো. মিনহাজুল ইসলাম উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আবু আখতার, যিনি উপজেলা ও জেলা পর্যায়ে কৃতিত্ব অর্জন করেছেন। এছাড়া শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে আবু হুরায়রা উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে নির্বাচিত হয়েছেন এবং শ্রেষ্ঠ স্কাউট হিসেবেও তিনি উপজেলা পর্যায়ে সাফল্য অর্জন করেছেন।
কিরাত প্রতিযোগিতায় ক গ্রুপে জুনাইদ হাসান উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় অতিক্রম করে জাতীয় পর্যায়ে অংশ নিয়ে সারা দেশের প্রতিযোগীদের হারিয়ে জাতীয় পদক, সনদ ও ক্রেস্ট অর্জন করেছেন। হামদ প্রতিযোগিতায় ক গ্রুপে হামীম হাসান উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেন। না’ত প্রতিযোগিতায় ক গ্রুপে জুনাইদ হাসান উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম স্থান লাভ করেন। এছাড়া কিরাত প্রতিযোগিতার খ গ্রুপে শিহাব উদ্দিন উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন।
২০২৫ সালে পঞ্চম ও অষ্টম শ্রেণির সরকারি বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া ৮ জন শিক্ষার্থীর মধ্যে ৫ জন বৃত্তি লাভ করায় শতকরা হারে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে মাদ্রাসাটি। একই বছরে দাখিল পরীক্ষায় ৩ জন A+সহ শতকরা হারে উপজেলার স্কুল-মাদ্রাসার মধ্যে প্রথম স্থান লাভ করে। এছাড়া ট্যালেন্টপুল মেধা বৃত্তিতে রংপুর বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করে প্রতিষ্ঠানটি।
২০২৪ সালের আলিম পরীক্ষায় ১ জন A+সহ শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করে রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা।