
সৈকত আহমেদ | বড়াইগ্রাম, নাটোর -
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে আলুভর্তি ট্রাকের সঙ্গে সুপারি ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত ও অপর চালকসহ দুই সহকারী আহত হয়েছেন। শুক্রবার সকাল ৮টার দিকে নাটোর–পাবনা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার গড়মাটি কলোনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম জামাল সরদার (৩৫)। তিনি আলুবাহী ট্রাকের চালক ছিলেন। জামাল সরদার বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি গ্রামের জাহাঙ্গীর সরদারের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, বাগেরহাট থেকে নাটোরগামী আলুভর্তি ট্রাক ও নাটোর থেকে পাবনাগামী সুপারি ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত অপর চালক ও দুই সহকারীকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত চালকের মরদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আইনগত আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি জব্দ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।