
ফাহিম হোসেন রিজু | ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি -
দিনাজপুরের ঘোড়াঘাটে উৎসবমুখর পরিবেশে আব্দুর রহমান মাল্টিমিডিয়া বিদ্যানিকেতন কর্তৃক পরিচালিত আলিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ মার্চ) বিকালে উপজেলার শালিকাদহ এলাকায় মাদ্রাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মেধা ও দ্বীনি শিক্ষার স্বীকৃতি স্বরূপ এই বিশেষ সমাবেশের আয়োজন করে মাদ্রাসা কর্তৃপক্ষ।
সমাবেশে শিক্ষার্থীদের সাফল্যের চিত্র ফুটে ওঠে দুটি বিশেষ আয়োজনের মাধ্যমে। মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ৩০ জন শিক্ষার্থী সফলভাবে পাঠ শেষ করায় তাদের হাতে পবিত্র কুরআন মাজীদ তুলে দেওয়া হয়। তৃতীয় শ্রেণীর ১৩ জন শিক্ষার্থী দ্বিতীয়বারের মতো পবিত্র কুরআন খতম সম্পন্ন করায় তাদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
সুধী সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, বর্তমান যুগে আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয় অত্যন্ত জরুরি। আব্দুর রহমান মাল্টিমিডিয়া বিদ্যানিকেতন সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। কোমলমতি শিশুদের এই সাফল্য ভবিষ্যতে তাদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।