
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি | সিরাজগঞ্জ -
সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভায় ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম অনুযায়ী প্রতি ভিজিএফ কার্ডধারীর ১০ কেজি চাল পাওয়ার কথা থাকলেও অনেক ক্ষেত্রে সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে সর্বোচ্চ ৮ কেজি চাল। এতে সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। ঘটনাটি ঘটেছে প্রায় ৬–৮ ঘণ্টা আগে শনিবার সকালে চাল বিতরণের সময়।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী ১০ কেজি চাল দেওয়ার কথা বলা হলেও বাস্তবে ওজন করলে দেখা যায় প্রায় ৮ কেজি দেওয়া হচ্ছে। ডিজিটাল স্কেলে মেপে দেওয়ার নিয়ম থাকলেও তা অনুসরণ না করে বালতিতে করে দায়সারাভাবে চাল বিতরণ করা হচ্ছে কার্ডধারীদের মধ্যে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর সূত্রে জানা যায়, বেলকুচি পৌরসভায় ৪ হাজার ৬০০ জনকে ১০ কেজি করে ভিজিএফ চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, চাল বিতরণ কার্যক্রমে পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আমিনুজ্জামান দায়িত্বে ছিলেন। তার নির্দেশে বাইরে থেকে লোক এনে ৮ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এতে অন্য কোনো কর্মকর্তার ভূমিকা ছিল না বলে দাবি করেন তিনি।
একাধিক কার্ডধারী অভিযোগ করে বলেন, আমাদের বলা হয় ১০ কেজি চাল দেওয়া হচ্ছে। কিন্তু মেপে দেখলে দুই কেজি কম পাওয়া যায়। আমরা গরিব মানুষ, যা দেয় তাই নিতে হয়। কথা বলার সুযোগও থাকে না।
এক ভুক্তভোগী বৃদ্ধা আক্ষেপ করে বলেন, “বাবা সরকার তো ১০ কেজি দেছে। আমাগো কেন ৮ কেজি করে দেয়? হেরা কি আমাগো পেটের ভাতও কাইড়া নেবে।”
তবে এ অভিযোগ অস্বীকার করে পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আমিনুজ্জামান বলেন, নিয়ম মেনেই চাল বিতরণ করা হয়েছে। মাপে কোনো ধরনের কম দেওয়া হয়নি।
এ বিষয়ে পৌর নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান মন্তব্য করতে রাজি হননি।