নীলসাগর লাইনচ্যুত, সান্তাহারে ঈদযাত্রায় আতঙ্ক আর আহাজারি ছড়াল


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৩-১৮, ৫:৩৮ PM /
নীলসাগর লাইনচ্যুত, সান্তাহারে ঈদযাত্রায় আতঙ্ক আর আহাজারি ছড়াল

মোসফিকা আক্তার | নওগাঁ –
নওগাঁর সান্তাহার রেলওয়ে জংশন সংলগ্ন ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বাগবাড়ী গ্রামে ট্রেন দুর্ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ২টার দিকে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের ছাদে থাকা যাত্রীসহ শতাধিক যাত্রী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে প্রায় ১০ ঘণ্টা আগে। বিষয়টি নিশ্চিত করেছেন সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান।
স্থানীয়রা জানান, ঈদকে সামনে রেখে ট্রেনটিতে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি যাত্রী ছিল। অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ভ্রমণ করছিলেন। হঠাৎ বিকট শব্দে একের পর এক বগি লাইনচ্যুত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অনেকের হাত-পা ভেঙে যায়, কারও কারও মাথা ফেটে যায়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন।
প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, দুর্ঘটনার আগে রেললাইনের সামনে সতর্ক সংকেত হিসেবে লাল পতাকা উড়ানো ছিল। তবে ট্রেনের চালক সেটি খেয়াল না করায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। দুর্ঘটনায় আহতদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। দুর্ঘটনার পর থেকে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে, ফলে যাত্রীদের ভোগান্তি বেড়েছে।
নওগাঁ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মহসিন বলেন, ট্রেন দুর্ঘটনায় এ পর্যন্ত তাদের কাছে ৫০ জনের বেশি রোগী এসেছে। তাদের মধ্যে ১৮ থেকে ২০ জন হাত-পা ভাঙা ও মাথা ফাটা অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন।
সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান বলেন, এ দুর্ঘটনায় শতাধিক যাত্রী আহত হয়েছেন। এ দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত করা হবে। একইসঙ্গে দ্রুত সময়ের মধ্যে রেললাইন সচল করার কাজ চলছে।
এ ঘটনায় স্থানীয়দের বক্তব্য, চিকিৎসকের তথ্য ও পুলিশের বক্তব্য পাওয়া গেলেও রেলওয়ে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বিস্তারিত বক্তব্য এখনো পাওয়া যায়নি।