ফুটব্রিজহীন পীরগঞ্জ রেলক্রসিং: ঝুঁকিতে পথচারী, বাড়ছে দুর্ঘটনা।


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৩-১৮, ৫:১৯ PM /
ফুটব্রিজহীন পীরগঞ্জ রেলক্রসিং: ঝুঁকিতে পথচারী, বাড়ছে দুর্ঘটনা।

পারভেজ হাসান, ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের ব্যস্ততম রেলক্রসিংয়ে ফুটব্রিজ বা নিরাপদ পারাপারের ব্যবস্থা না থাকায় চরম ঝুঁকিতে পড়েছেন পথচারীরা। প্রতিদিন শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সড়ক ও রেললাইন পার হচ্ছেন। এতে বাড়ছে দুর্ঘটনা, বাড়ছে ভোগান্তি।

সরেজমিনে দেখা গেছে, রেলক্রসিংটি দিয়ে সারাদিনই ট্রাক, বাস, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চাপ থাকে। কিন্তু নিরাপদ পারাপারের কোনো অবকাঠামো না থাকায় পথচারীরা বাধ্য হয়ে দ্রুতগামী যানবাহনের মাঝখান দিয়েই রাস্তা পার হচ্ছেন। অনেক ক্ষেত্রে ট্রেন চলাচলের সময়ও অসচেতনভাবে লাইন পার হওয়ার দৃশ্য চোখে পড়ে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এখানে একটি ফুটব্রিজ নির্মাণের দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। বরং রেলক্রসিংয়ের আশপাশে অবৈধ দখল ও দোকানপাট গড়ে ওঠায় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে।

ঝুঁকিপূর্ণ পারাপারে বাড়ছে দুর্ঘটনা বিভিন্ন পথচারীরা জানান: ফুটব্রিজ না থাকায় প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, নারী, শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন। অনেক সময় দীর্ঘক্ষণ অপেক্ষা করেও নিরাপদে পারাপারের সুযোগ পাওয়া যায় না।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৫৪ শতাংশের বেশি পথচারী। বিশেষজ্ঞরা বলছেন, নিরাপদ পারাপারের অভাব এ ধরনের দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ।

শিক্ষার্থী ও অভিভাবকগণ জানান: স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ রেলক্রসিং পার হতে হয়। এতে অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। অনেকেই অভিযোগ করেন, “প্রতিদিন সন্তানদের স্কুলে পাঠাতে ভয় লাগে—কখন কী হয় বলা যায় না।”

একজন বয়স্ক পথচারী বলেন: বয়স্ক মানুষদের জন্য দ্রুতগামী যানবাহনের মাঝে রাস্তা পার হওয়া অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে এবং একইভাবে মহিলা ও মেয়েদের নিরাপদ পারাপারের অভাবে মারাত্মক ঝুঁকিতে রয়েছেন।

অনিয়ন্ত্রিত পারাপারের কারণে প্রায়ই সড়কে যানজট সৃষ্টি হচ্ছে। এতে ট্রাফিক পুলিশ না থাকায় পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে এবং দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়ছে।

দ্রুত পদক্ষেপের পৌরবাসীর দাবি, রেলক্রসিংটিতে দ্রুত একটি আধুনিক ফুটব্রিজ নির্মাণ করতে হবে এবং আশপাশের অবৈধ দখল উচ্ছেদ করে নিরাপদ চলাচল নিশ্চিত করতে হবে।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ব্যস্ত এলাকায় ফুটব্রিজ নির্মাণ এখন সময়ের দাবি। দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।