
সিলেট প্রতিনিধি | সিলেট -
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ২নং সদর ইউনিয়নের গোয়াসপুর গ্রামে বিশিষ্ট সমাজহিতৈষী আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মছব্বিরের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ ২০২৬) মরহুমের নিজ বাসভবন ‘লস্কর বাড়ি’র ইসলাম হাউসে তাঁর সন্তানদের উদ্যোগে এ আয়োজন করা হয়।
মরহুম আব্দুল মছব্বিরের স্মৃতিচারণ করতে গিয়ে আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আবেগাপ্লুত হয়ে পড়েন। বক্তারা বলেন, তিনি ছিলেন একজন সৎ, পরোপকারী ও সমাজের আলোকবর্তিকা। তাঁর মানবিকতা ও সমাজ উন্নয়নে অবদান এলাকাবাসীর হৃদয়ে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ঢাকা উত্তর রানাপিং আরাবিয়া হুসাইনিয়া মাদ্রাসার উস্তাদ হাফেজ মাওলানা আসফাক আহমেদ চৌধুরী। উপস্থিত মুসল্লিরা আবেগঘন পরিবেশে মোনাজাতে শরিক হন।
মরহুমের সন্তান হাফিজুল ইসলাম লস্করের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন—মাওলানা নুরুল হক, ক্বারী মাওলানা মাশহুদ আহমদ, কামরুল ইসলাম চৌধুরী, আইনুল ইসলাম রেকল, আবুল কাশেম রুমন, মজনু মিয়া, মওদুদ চৌধুরী সুমনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এদিন পুরো এলাকায় নীরব শ্রদ্ধা ও স্মৃতিচারণের আবহ বিরাজ করে। উপস্থিতরা মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর আদর্শ অনুসরণের আহ্বান জানান।