ব্রিজের আশ্বাসে কেশবপুরে নতুন আশার আলো


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৩-১৯, ১০:১০ PM /
ব্রিজের আশ্বাসে কেশবপুরে নতুন আশার আলো

ইমরান হোসেন | যশোর – যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ও কোমরপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত ব্রিজ নির্মাণের বিষয়ে নতুন আশার সঞ্চার হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) কেশবপুর-৬ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুক্তার আলী সাগরদাঁড়ি সংলগ্ন কোমরপুর খেয়াঘাট এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি খেয়াঘাটের জরাজীর্ণ অবস্থা পর্যবেক্ষণ করেন এবং যাতায়াতকারী সাধারণ মানুষের দুর্ভোগের কথা মনোযোগ দিয়ে শোনেন। দীর্ঘদিন ধরে এলাকাবাসী এই স্থানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন।

স্থানীয়দের সঙ্গে আলাপকালে এমপি তাদের সমস্যার কথা শুনে এলাকার উন্নয়নে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। পরিদর্শন শেষে সংক্ষিপ্ত পথসভায় তিনি বলেন, “সাগরদাঁড়ি ও কোমরপুর অঞ্চলের মানুষের নির্বিঘ্ন যোগাযোগের জন্য এখানে একটি স্থায়ী ব্রিজ অত্যন্ত জরুরি। দ্রুত প্রয়োজনীয় দাপ্তরিক উদ্যোগ গ্রহণ করা হবে, ইনশাল্লাহ।”

এমপির এই আশ্বাসে স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক উৎসাহ ও আশাবাদ তৈরি হয়েছে। এলাকাবাসীর মতে, এখানে একটি ব্রিজ নির্মিত হলে কৃষি, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যের প্রসারের পাশাপাশি কবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত সাগরদাঁড়ি অঞ্চলের পর্যটন খাতেও নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।

পরিদর্শনকালে স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।