
মোঃ আকাশ উজ্জামান শেখ | রামপাল (বাগেরহাট) -
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুমিনদের জীবনে নিয়ে আসে আনন্দের জোয়ার। এ দিনে ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাই একই কাতারে দাঁড়িয়ে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের মাধ্যমে রমজানকে বিদায় জানান।
তবে এবারের ঈদে সেই আনন্দে কিছুটা ভাটা পড়েছে বৃষ্টির কারণে। সারাদেশের মতো বাগেরহাটের রামপালেও বৃষ্টির মধ্য দিয়েই উদযাপিত হয়েছে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।
স্থানীয়রা জানান, গতকাল (ঈদের আগের দিন) বিকেল থেকে আকাশে মেঘ জমে শুরু হয় বৃষ্টি ও ঝড়ো হাওয়া, যা ঈদের দিন দুপুর পর্যন্ত অব্যাহত থাকে। ফলে অনেকের ঈদের পরিকল্পনাই ভেস্তে যায়।
ঈদের দিন সকালেও বৃষ্টি মাথায় নিয়েই হাজার হাজার মুসল্লি নামাজ আদায় করেন। তবে বৃষ্টির কারণে বেশিরভাগ সময়ই মানুষকে ঘরে থাকতে হয়েছে। বাইরে তেমন একটা মানুষের উপস্থিতি দেখা যায়নি, কমেছে ঘুরাঘুরি ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও তেমন উৎসবের আমেজ দেখা যায়নি।
একজন দোকানি জানান, “বৃষ্টির কারণে এবার লোকজন খুব কম বের হয়েছে। ঈদে সাধারণত ভালো বিক্রি হয়, কিন্তু এবার কেনাবেচা অনেক কম।”
একজন পথচারী বলেন, “ঈদে ঘোরাঘুরি ও আত্মীয়দের বাড়িতে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু সকাল থেকেই বৃষ্টি হওয়ায় সব বাতিল করতে হয়েছে। নামাজ শেষে বাসায় বসেই সময় কাটাতে হয়েছে। তবুও বৃষ্টির মধ্যেই ঈদ উপভোগ করার চেষ্টা করছি।”
এদিকে, বাগেরহাট-৩ আসনের নবনির্বাচিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নিজ এলাকায় সাধারণ মানুষের সঙ্গে একই কাতারে বসে ঈদের নামাজ আদায় করেন।