

মোঃ ময়েন উদ্দিন | তারাগঞ্জ (রংপুর) –
সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া সংবাদ ও অপপ্রচারের মাধ্যমে এক তরুণীকে ফাঁসিয়ে পরবর্তীতে তাকে নির্জন স্থানে নিয়ে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের শিয়ালপাড়া এলাকার এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ মার্চ বিকেলে এক নারী কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের স্টিল ব্রিজ এলাকায় ঘুরতে যান। এ সময় কয়েকজন বখাটে তার অজান্তে মোবাইল ফোনে ছবি ধারণ করে। বিষয়টি টের পেয়ে প্রতিবাদ করলে স্থানীয়দের হস্তক্ষেপে ছবিগুলো মুছে ফেলা হয় এবং ঘটনাটি তখনই মিটমাট হয়।
অভিযোগে বলা হয়, ওই ঘটনার সুযোগ নিয়ে মোঃ আদর বাবু (২৭) নামে এক যুবক গোপনে ধারণ করা ছবি ব্যবহার করে একটি অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও ফেসবুক গ্রুপে “অসামাজিক কার্যকলাপে লিপ্ত অবস্থায় তরুণীসহ যুবক আটক” শিরোনামে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ ছড়িয়ে দেয়। এতে ভুক্তভোগীর সামাজিক মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়।
পরবর্তীতে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে অভিযুক্ত যুবক কৌশলে ২৩ মার্চ সকালে তারাগঞ্জ বাজারে দেখা করার কথা বলে। অভিযোগ অনুযায়ী, সেখান থেকে মোটরসাইকেলে করে তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করা হয়। এ সময় ভুক্তভোগী চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা মোটরসাইকেলটি আটক করে থানায় জমা দেয় এবং ভুক্তভোগী লিখিত অভিযোগ দায়ের করেন। তারাগঞ্জ বাজারসহ বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজে অভিযুক্তের গতিবিধি ধরা পড়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগী জানান, তার ছবি ব্যবহার করে ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ তথ্য ছড়িয়ে তাকে সামাজিকভাবে হেয় করা হয়েছে। এমনকি সংবাদ মুছে ফেলার অনুরোধ করলে অভিযুক্ত শারীরিক সম্পর্কের শর্ত দেয় এবং শ্লীলতাহানির চেষ্টা করে।
এদিকে স্থানীয় সচেতন মহল বলছে, এ ধরনের অপপ্রচার নারীর জন্য মারাত্মক মানসিক চাপ সৃষ্টি করে এবং কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :