নড়াইলে ঈদের দিনে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত 


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৩-২৪, ৮:০০ PM /
নড়াইলে ঈদের দিনে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত 

খালিদ হোসেন, নড়াইল জেলা প্রতিনিধি | ঈদের দিনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইল সদর উপজেলায় চালক মোঃ রাব্বি মোল্যা (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রোমান মোল্যা নামে আরও একজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (২১ মার্চ) বিকেল তিনটার দিকে উপজেলার ধোন্দা কাজীপাড়া মসজিদ এলাকায় মাগুরা-নড়াইল আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে, যা ঘটনার কয়েক ঘণ্টা পর নিশ্চিত করা হয়েছে।

নিহত মোঃ রাব্বী মোল্যা নড়াইল পৌরসভার রঘুনাথপুর এলাকার পান্নু মোল্যার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ঈদের নামাজ শেষ করে মোটরসাইকেলে ঘুরতে বের হন রাব্বী মোল্যা। এসময় তার পেছনে বসা ছিল বন্ধু রোমান মোল্যা ও ভাগ্নে মোঃ রেহান। সকাল থেকে তারা বিভিন্ন এলাকায় ঘুরে বিকেলে মাগুরা-নড়াইল আঞ্চলিক মহাসড়ক দিয়ে নড়াইল শহরের দিকে আসার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই মারা যায় রাব্বী। আর গুরুতর আহত অবস্থায় তার বন্ধু রোমানকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয় স্থানীয়রা। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তবে মোটরসাইকেলে থাকা রেহানের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওলি মিয়া বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।