

ফাহিম হোসেন রিজু | ঘোড়াঘাট (দিনাজপুর) –
“স্মৃতির টানে আবার একসাথে”—এই আবেগঘন প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কুলানন্দপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘ঈদ পুনর্মিলনী ও মিলনমেলা ২০২৬’। সোমবার (২৩ মার্চ) দিনব্যাপী নানা আয়োজনে প্রাক্তন শিক্ষার্থীরা পুরনো দিনের স্মৃতিচারণে মেতে ওঠেন।
সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়, যা কয়েক ঘণ্টা ধরে চলে। এরপর একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি কুলানন্দপুর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
দীর্ঘদিন পর সহপাঠীদের কাছে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা নেচে-গেয়ে আনন্দ প্রকাশ করেন। বেলা ১২টায় অনুষ্ঠিত হয় প্রীতি খেলাধুলা এবং সন্ধ্যা গড়াতেই শুরু হয় মূল আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুশফিকুর রহমান রঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র ও দিনাজপুর জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. শরিয়াত হোসেন।
অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী মো. আসিফ ও মো. আশিকুর সরকার আশিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেডের এজিএম এ. কে. এম. তাসদিদ জামান।
২০০০ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ জনসমুদ্রে পরিণত হয়। বক্তারা বিদ্যালয়ের সোনালী দিনের স্মৃতিচারণ করেন এবং ভবিষ্যতে বিদ্যালয়ের উন্নয়ন ও প্রাক্তনদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষাংশে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়, যেখানে প্রাক্তন শিক্ষার্থীরা তাদের প্রতিভা তুলে ধরেন। দীর্ঘদিন পর একত্রিত হয়ে আবেগঘন পরিবেশে শেষ হয় এই মিলনমেলা।
আপনার মতামত লিখুন :