

খালিদ হোসেন, নড়াইল জেলা প্রতিনিধি | নড়াইলের কালিয়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শেখ ও মোল্যা পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৪ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে, যা ঘটনার প্রায় কয়েক ঘণ্টা পর নিশ্চিত করা হয়েছে।
সংঘর্ষে মোল্যা বংশের মাহাবুর মোল্যা (৪০), রমজান মোল্যা (৫৫), মিন্টু মোল্যা (৫২), নাহিদ মোল্যা (২১), টুটুল মোল্যা (৩০), শাহীদুল মোল্যা (৪৮), রাজা মোল্যা (৫০), বাঁধন মোল্যা (২৬), তামিম মোল্যা (১৯), সুমন মোল্যা (২৮) এবং শেখ বংশের আজানুর শেখসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নোয়াগ্রামে শেখ বংশের মাহবুবুর রহমান শেখ ও ইসরাইল শেখ এবং প্রতিপক্ষ মোল্যা বংশের খায়রুল মোল্যা ও তাদের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। গত শনিবার ঈদের দিন মাংস ভাগাভাগি নিয়ে বাগ্বিতণ্ডার জেরে বিরোধটি আবারও চাঙ্গা হয়।
এর জেরে সোমবার রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় শটগানের গুলিও ছোড়া হয়। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। আহতরা বর্তমানে নড়াইল জেলা হাসপাতাল ও খুলনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচি জানান, সংঘর্ষের ঘটনায় ১৪ জন জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং তাদের শরীরে ছররা গুলির অংশ পাওয়া গেছে। তবে সবাই বর্তমানে আশঙ্কামুক্ত।
নড়াইল জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রবিন হালদার বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৪ জনকে আটক করা হয়েছে।
আপনার মতামত লিখুন :