প্রিন্ট এর তারিখঃ মার্চ ৩০, ২০২৬, ৪:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৮, ২০২৬, ১১:২৬ পি.এম
যশোরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমি

ইমরান হোসেন, যশোর জেলা প্রতিনিধি:
যশোরের কেশবপুর উপজেলার বুড়ুলিয়ায় জলাবদ্ধতা নিরসন ও কৃষি সেচ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) সকালে বর্ণাঢ্য আয়োজনে এ কাজের উদ্বোধন করেন অনিন্দ্য ইসলাম অমিত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খালটি পুনঃখননের ফলে এ এলাকার শত শত একর জমি জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে এবং শুষ্ক মৌসুমে কৃষকরা সহজে সেচ সুবিধা পাবেন। এর ফলে স্থানীয় গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
তিনি আরও বলেন, উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সরকারি সম্পদের সঠিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আশেক হাসান, যশোরের জেলা প্রশাসক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, যশোর জেলার পুলিশ সুপার; রেকসোনা খাতুন, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা; সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর জেলা বিএনপির সভাপতি এবং আবুল হোসেন আজাদ, কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি।
এছাড়াও অনুষ্ঠানে কেশবপুর উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী, সেনাবাহিনীর কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
পরে প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে কোদাল দিয়ে মাটি কেটে খনন কাজের শুভ উদ্বোধন করেন।
কপিরাইট© মুক্তি ২০১৮ সংরক্ষিত।