

নবীন মাহমুদ | রাজাপুর, ঝালকাঠি –
ঝালকাঠির রাজাপুরে ১৮ নং কানুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফেরদৌসী খানমের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির প্রতিবাদে সোমবার বিকেলে রাজাপুর সাংবাদিক ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, তার সাবেক স্বামী ছত্রকান্দা এলাকার মোস্তফাবাদ কাসেমিয়া দাখিল মাদ্রাসার সুপার কেএম আব্দুল্লাহ বিবাহবিচ্ছেদের পর থেকে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন, মিথ্যা মামলা, ভয়ভীতি প্রদর্শন এবং বখাটে লোকজন দিয়ে হয়রানি করে আসছেন।
তিনি আরও অভিযোগ করেন, রোববার স্কুল বন্ধ থাকাকালীন তিনি সাব-ক্লাস্টার ট্রেনিংয়ে থাকা অবস্থায় তার সাবেক স্বামী ২শ টাকা করে দিয়ে ভাড়ায় কয়েকজন লোক এনে কল্পকাহিনি সাজিয়ে মানববন্ধন করান। তার দাবি, মানববন্ধনে অংশ নেওয়া লোকদের কেউই ওই এলাকার ছাত্র বা অভিভাবক ছিলেন না।
সংবাদ সম্মেলনে ফেরদৌসী খানম দাবি করেন, তার কাছ থেকে প্রায় ৫ লাখ ৩৬ হাজার টাকা জোরপূর্বক ব্যাংক ঋণ তুলে নেওয়া হয়েছে। পাশাপাশি তার চাকরিসংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র ও চেকও আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এছাড়া অভিযুক্ত কেএম আব্দুল্লাহর বিরুদ্ধে মাদ্রাসায় নিয়োগ বাণিজ্য, অবৈধ সুবিধা গ্রহণ, দায়িত্বে অবহেলা এবং সহকর্মীদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগও তোলেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি তার বিরুদ্ধে চলমান অপপ্রচার বন্ধ, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
আপনার মতামত লিখুন :