অভিযানে পালাল স্টাফ, সিলগালা হলো হাসপাতাল


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৩-৩১, ৪:০২ AM /
অভিযানে পালাল স্টাফ, সিলগালা হলো হাসপাতাল

আশিকুর রহমান সবুজ | গাজীপুর –
গাজীপুরের শ্রীপুরে স্বাস্থ্যসেবায় অনিয়মের অভিযোগে মাওনা চৌরাস্তায় বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৩০ মার্চ) জনস্বার্থে ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই অভিযান চালানো হয়। ঘটনাটি প্রায় ৭ ঘণ্টা আগে পরিচালিত হয়েছে।
অভিযানে ‘জহির ডায়াগনস্টিক চক্ষু এন্ড জেনারেল হাসপাতাল’-এ অগ্নিনির্বাপণ ব্যবস্থার জন্য প্রয়োজনীয় ফায়ার সার্ভিসের অনুমোদন না থাকা এবং বিভিন্ন যন্ত্রপাতিতে গুরুতর কারিগরি ত্রুটি পাওয়া যায়। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং দ্রুত ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়।
অভিযানের এক পর্যায়ে ‘মাওনা সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড ট্রমা সেন্টার’-এ প্রবেশ করলে এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে চিকিৎসক ও কর্মচারীরা স্থান ত্যাগ করেন। ভ্রাম্যমাণ আদালত সেখানে গিয়ে লাইট-ফ্যান বন্ধ অবস্থায় শুধু একজন পরিচ্ছন্নতাকর্মীকে দেখতে পায়। এ সময় একটি ল্যাপটপ ও একটি মোবাইল ফোন জব্দ করে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
অভিযান শেষে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শফিকুল ইসলাম বলেন, “বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই সরকারি নীতিমালা মেনে চলতে হবে। অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতি ও যন্ত্রপাতির ত্রুটি রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ।”
তিনি আরও বলেন, “মাওনা সেন্ট্রাল ডায়াগনস্টিক কর্তৃপক্ষের পালিয়ে যাওয়া প্রমাণ করে তারা নিয়মনীতির তোয়াক্কা করছিল না। জনস্বার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে।”
মোবাইল কোর্ট পরিচালনা করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ। এ সময় শ্রীপুর থানা পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদান করে।